
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন ত্রিবেদী।২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছেন প্রণয় ভার্মা। তাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনীত করেছে। তবে তার নিয়োগ কার্যকর হতে হলে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।কূটনৈতিক মহলে এই সম্ভাব্য নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় হাই কমিশনারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।