
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।তার দাবি অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় আফগান সীমান্তরক্ষী বাহিনীর “উসকানিবিহীন হামলায়” বৃহস্পতিবার ১২ জন আহত হন। পাশাপাশি শুক্রবার “ফিতনা আল খাওয়ারিজ” নামে পরিচিত গোষ্ঠীর একটি কোয়াডকপ্টার হামলায় ক্রিকেট খেলতে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে “ফিতনা আল খাওয়ারিজ” হিসেবে উল্লেখ করে এবং অভিযোগ করে যে তারা কাবুল সরকারের সমর্থন পায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আফগানিস্তান।অন্যদিকে, চলতি সপ্তাহেই আফগানিস্তান অভিযোগ করে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় কুনার প্রদেশে অন্তত চারজন বেসামরিক নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। ওই হামলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা এখন নজরে আন্তর্জাতিক মহলের।