
যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যের Fort Myers শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ২৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী প্রথমে একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করে। পরে ইয়াসমিন দোকান থেকে বের হলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রথমে ঘাড়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরে মাথায় একাধিকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট নিয়ে অভিযান শুরু করে। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রাথমিকভাবে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে তার পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।নিহত ইয়াসমিনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।