
রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শুক্রবার হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে দক্ষিণ কমলাপুরের একটি কোরবানির পশুর হাটের ইজারাদার ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ১৯ মে ওই ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।ঘটনার পর মতিঝিল থানায় মামলা দায়ের হলে তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ডিএমপি জানিয়েছে, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।