
চট্টগ্রাম: মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন চিহ্নিত সন্ত্রাসীর চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব দুষ্কৃতিকারীকে মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।এর আগে, গত বছরের ১৩ আগস্ট বন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার পর সিএমপি কমিশনার অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দেন। ওই নির্দেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে কমিশনার হাসিব আজিজ পুলিশ সদস্যদের এসএমজি ব্রার্স্টফায়ার মোডে প্রস্তুত থাকার নির্দেশ দেন। সে সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে এর সম্পূর্ণ দায়ভার তিনি নিজেই বহন করবেন।