
স্ত্রীর নামে ফ্ল্যাটসহ প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) আ. রাজ্জাক হাওলাদার ও তার স্ত্রী মিসেস জাফরিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, আ. রাজ্জাক হাওলাদারের স্ত্রী জাফরিন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি মিরপুর সেকশন-১৫ এর ডি ব্লকে অবস্থিত ১,২৫০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের প্রকৃত মূল্য গোপন করে মিথ্যা তথ্য দেন।সম্পদ বিবরণীতে তিনি শুধু দলিল রেজিস্ট্রি বাবদ ২ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উল্লেখ করলেও ফ্ল্যাট নির্মাণ ও জমির মূল্য বাবদ প্রায় ২৪ লাখ টাকা বিনিয়োগের তথ্য গোপন করেন। ওই ফ্ল্যাটটি তিনি স্বামী আ. রাজ্জাক হাওলাদারের কাছ থেকে দানসূত্রে পেয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।দুদকের মতে, এভাবে সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিসেস জাফরিন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।