
কিশোরগঞ্জের ভৈরবে ঘুষ গ্রহণের অভিযোগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক অডিট কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত হৃদয় মিয়া ভৈরব উপজেলা হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন।রোববার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়সংক্রান্ত একটি ফাইলের বিষয়ে টাকা লেনদেনের সময় তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘুষ হিসেবে ৭ হাজার টাকা গ্রহণের অভিযোগে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা তাকে আটক করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে তাকে ইউএনও কার্যালয়ে রাখা হয়।অভিযোগ অনুযায়ী, গজারিয়া ইউনিয়ন পরিষদের একাধিক ফাইল অনুমোদনের জন্য হৃদয় মিয়া অর্থ দাবি করেছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ চন্দ্র দাসের দাবি, ২১টি ফাইলের বিপরীতে ২১ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছিল এবং সেই দাবির অংশ হিসেবে তিনি ৭ হাজার টাকা প্রদান করেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন হৃদয় মিয়া। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সচিব হ্যান্ডশেক করার সময় তার হাতে টাকা গুঁজে দেন এবং পরে সেটিকে ঘুষ হিসেবে প্রচার করা হয়।এদিকে ভৈরব উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফাইলে স্বাক্ষর ও অর্থ ছাড়ের বিনিময়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সর্বশেষ এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয়দের।