
নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে দরিদ্র শ্রমিকদের বদলে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অপরিকল্পিতভাবে খাল খনন করা হচ্ছে।স্থানীয়দের দাবি, খাল খননের নামে রাস্তা নির্মাণ করতে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির শত শত ফলজ-বনজ গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া অনেক বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি সেচ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের বিশেষ কর্মসূচির আওতায় নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, কালাদরাপ, দাদপুর ও নোয়ানই ইউনিয়নের পাঁচটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।ওয়েজ কস্ট ও নন-ওয়েজ কস্ট মিলিয়ে এসব প্রকল্পে মোট ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।