
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ চাঁন মিয়া (৩৫), মোঃ ওয়াসিম (৩৩), মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছাঃ তাসলিমা বেগম (৩৫), মোছাঃ জান্নাত আক্তার (১৯) এবং মোছাঃ কাজল বেগম (২৬)।সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ এর অধীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।