
বাংলাদেশের অবশিষ্ট কয়লা ও গ্যাস সম্পদ কুক্ষিগত করতে দেশি ও বিদেশি শক্তিগুলো পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই রামপালে বাস্তবায়ন করা হয়, যা দেশের স্বার্থবিরোধী।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। এজন্যই তাকে রাজনৈতিকভাবে দমন করে কারাবন্দী করা হয়। এমনকি কারাগারে যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন।উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।