
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।শুক্রবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কুচলিবাড়ি ইউনিয়ন-এর কলসিমুখ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারী দলকে দেখতে পান টহল সদস্যরা।পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা নির্দেশ অমান্য করে সামনে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম-এর নির্দেশে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।ফাঁকা গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।