
রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও একসময় আটক রাখা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।শনিবার (১ আগস্ট) আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।চিফ প্রসিকিউটর বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে র্যাব-১-এর এই গোপন বন্দিশালার একটি কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়।তিনি আরও জানান, এখন পর্যন্ত গুম ও হত্যার শিকার প্রায় আড়াই শতাধিক ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী এবং সাজেদুল ইসলাম সুমনের নাম উল্লেখযোগ্য।আমিনুল ইসলাম বলেন, আয়নাঘরের ভুক্তভোগীদের মধ্যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান অন্যতম। তার দেওয়া বর্ণনার ভিত্তিতে সংশ্লিষ্ট কক্ষটিও পরিদর্শন করা হয়েছে।তিনি জানান, র্যাব-১-এর এই টিএফআই সেলে মোট ২৯টি কক্ষ রয়েছে। এসব কক্ষ কী উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট আসামিদের আদালতে ব্যাখ্যা দিতে হবে।এর আগে শনিবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উত্তরার র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন।পরিদর্শনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদীসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।