
পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ মে) ভোর পর্যন্ত পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার হাজিরহাট বন্দরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আজহার উদ্দিন (৫৫), গলাচিপা উপজেলার মো. কবির হোসেন (৪০) এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার মো. রাসেল তালুকদার (৩৪)। স্থানীয়দের দাবি, রাসেল তালুকদার পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপ ফাঁদ পেতে এক ওষুধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীর কাছ থেকে অর্থ আদায় করেন। অভিযোগ অনুযায়ী, শহিদুল নামের এক ব্যক্তিকে ডেকে এনে নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১৮ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়।ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বনানী এলাকায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মো. আজহার উদ্দিন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে স্থানীয়রা দাবি করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে বাকি দুইজনকেও গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের কাছ থেকে একই কৌশলে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে। পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।