
রাজধানীর ঢাকা-র ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার (৪ মে) সেগুনবাগিচা-তে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।তিনি বলেন, রোববার (৩ মে) বিকেল ৩টার দিকে ওয়ারীর ৪৫, লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রঙের প্রিমিও গাড়ি তল্লাশি করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং দুর্জয় দত্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।একই দিনে রাজধানীর যাত্রাবাড়ী, বনানী, কড়াইল বস্তি এলাকা ও জোয়ার সাহারা এবং সিদ্ধিরগঞ্জ-এ পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০টি ইয়াবা বড়ি ও ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া জোয়ার সাহারার একটি কুরিয়ার সার্ভিস থেকে স্কুলব্যাগে থাকা ৯৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।