
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত ২৬ জুলাই ইস্যু করা এক কার্যালয় আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে ২৬ জুলাই থেকেই সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।এর আগে রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন ওই কর্মকর্তা। শুধু তা-ই নয়, কথা বলার একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও তাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে বরখাস্ত করা হয়।