
দুর্নীতি দমন কমিশনের (Anti-Corruption Commission (ACC)) দায়ের করা এক মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে বগুড়ার জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন, তবে বিচারক তা না-মঞ্জুর করেন।হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়ার বাসিন্দা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি। গত বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।দুদকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, তিনি প্রায় ১৯ কোটি ৫৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং স্বামীর সহায়তায় প্রায় ২৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে আরও প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ অর্জন ও তা স্থানান্তরের অভিযোগও আনা হয়েছে।মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ অনুযায়ী দায়ের করা হয়েছে।দুদকের পিপি আনোয়ার হোসেন জানান, শুনানিতে আসামি জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এর আগে গত বছরের নভেম্বর মাসেও প্রতারণা ও অর্থ আত্মসাতের আরেকটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।এছাড়া তার বিরুদ্ধে প্রায় ৬১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের আরেকটি মামলা চলমান রয়েছে।