
যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার (৪৪)।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সংগ্রহ করা সোনার বার মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়।পরে সন্দেহভাজন ব্যক্তি সেখানে পৌঁছালে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় বেঁধে রাখা অবস্থায় ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।