
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ধর্ম ও বর্ণভেদে নয়—এদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে।ড. ইউনূস আরও বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। বিদ্যা ও জ্ঞান যেন কেবল ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থাকে—বরং তা সমাজের কল্যাণে ব্যবহৃত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।