
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে হঠাৎ প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। প্রত্যাহারের আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, মো. মাহফুজ আফজালকে জেলার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে একই দিনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ সদর দপ্তর কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে।এর আগে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকেও একইভাবে প্রত্যাহার করা হয়েছিল।স্থানীয় সূত্র ও পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ঝিনাইদহে মাদক-সংক্রান্ত অপরাধ, একাধিক হত্যাকাণ্ড এবং সামাজিক সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এসব ঘটনার সঙ্গে প্রত্যাহারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।তবে পুলিশ সদর দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এসপি প্রত্যাহারের প্রকৃত কারণ রহস্যই রয়ে গেছে।এদিকে ঝিনাইদহের নতুন পুলিশ সুপার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকে নজর রয়েছে স্থানীয়দের।