
দেশে চলমান এলপিজি সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শুরুর জন্য ইতোমধ্যে বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে।তিনি আরও বলেন, সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হবে। এতে করে বাজারে সরবরাহ বাড়বে এবং চলমান সংকট নিরসনের পাশাপাশি দামে ভারসাম্য আসবে বলে আশা করা হচ্ছে।