
কয়েক দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। কনটেন্ট তৈরি, অভিনয় ও চিত্রনাট্য লেখার ব্যস্ততার মধ্যেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।তিনি জানান, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক বিল, আবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বড় অঙ্কের টাকা লাগছে। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, একটা জমির বায়নাও করছি। আজকের মধ্যেই সব শেষ করতে হবে।”মেয়ের বর্তমান অবস্থা নিয়ে কায়সার হামিদ বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওকে নিরাপদে সেখানে পৌঁছানো। দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে হয়তো একটা আশার জায়গা থাকবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”তিনি আরও জানান, কারিনার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।এই সংকটের মধ্যেই বড় হয়ে উঠেছে চিকিৎসার ব্যয়। এর আগে কায়সার হামিদের এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন। সেই সময়ও পরিবারের অনেক অর্থ ব্যয় হয়। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে পরিবারকে।কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয়েও নিয়মিত হচ্ছিলেন। পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজও করছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে।