
পুলিশ সপ্তাহ শুরুর কয়েকদিন আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন নির্যাতন ও হয়রানির শিকার কর্মকর্তাদের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে একটি আবেগঘন আবেদনপত্র পাঠানো হয়েছে। একই চিঠি দেশের বিভিন্ন থানা ও ইউনিটেও পৌঁছে গেছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে পাওয়া ওই চিঠিতে বর্তমান ও সাবেক সহকর্মীদের উদ্দেশে নানা আবেগঘন বক্তব্য তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, একসময় যারা একই বাহিনীতে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন, আজ তাদেরই কেউ আসামি, কেউ তদন্তকারী কর্মকর্তা হিসেবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন।চিঠিতে দাবি করা হয়, জুলাই আন্দোলনের সময় অনেক পুলিশ সদস্য ‘চেইন অব কমান্ড’ অনুসারে দায়িত্ব পালন করেছেন। অথচ এখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বানোয়াট সাক্ষী ও উদ্দেশ্যপ্রণোদিত চার্জশিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।এতে আরও বলা হয়, “আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি। সময় বড় নির্দয়, সে কাউকে ছেড়ে দেয় না।” পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে পুলিশের অবস্থান বদলে যাওয়ার বাস্তবতার কথাও উল্লেখ করা হয়।সহকর্মীদের উদ্দেশে চিঠিতে আহ্বান জানিয়ে বলা হয়, ক্ষমতার প্রভাব বা রাজনৈতিক আনুগত্যের কারণে যেন কোনো পুলিশ সদস্য অন্য পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্যায়ভাবে অবস্থান না নেন। “পুলিশ হয়ে অন্য পুলিশকে হয়রানি করা মানে নিজের হয়রানির রাস্তা প্রশস্ত করা”— এমন মন্তব্যও করা হয় সেখানে।চিঠির শেষাংশে পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, “পুলিশ সবার জন্য হলেও পুলিশের জন্য কেউ না।” একই সঙ্গে মিথ্যা মামলা, সাজানো সাক্ষী ও উদ্দেশ্যপ্রণোদিত চার্জশিটের সংস্কৃতি বন্ধ করার দাবি জানানো হয়।