
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই দোতলা ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। ফলে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের ওপরের তলা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।জানা গেছে, জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় তলার নির্মাণ শেষ হলেও এখনো সেখানে ওঠানামার জন্য কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি।সরেজমিনে দেখা যায়, নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলা সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। একইসঙ্গে ভবনের কিছু অবকাঠামোগত কাজও অসম্পূর্ণ রয়েছে।বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকট থাকায় নিচতলার একই কক্ষ বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক ও অভিভাবকদের।স্থানীয়দের দাবি, দ্রুত সিঁড়ি নির্মাণ ও অসমাপ্ত কাজ শেষ করে ভবনটি শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করা হোক।