
রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমে এসেছে—যা নগরবাসীর জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এ ইতিবাচক পরিবর্তনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি থানায় সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। বিশেষ করে রমনা মডেল থানা ও হাজারীবাগ থানা-সহ বেশ কয়েকটি থানায় “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন দৃশ্যমান হওয়ায় অপরাধ দমনে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।তবে এর মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। রমনা থানার অধীন সিদ্ধেশ্বরী এলাকায় অপরাধ তুলনামূলক কম হলেও ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। খোদাকার মোড়, মৌচাক মোড়, কালী মন্দির গলির মোড়, শান্তিনগর গলির মোড় এবং বেইলি রোডের বিভিন্ন পয়েন্টে এসব ভ্যানগাড়ির অবাধ অবস্থান জনদুর্ভোগ বাড়াচ্ছে।এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বড় মার্কেট ও একটি হাসপাতাল থাকায় প্রতিদিন বিপুল মানুষের সমাগম ঘটে। ফলে ভ্যানগাড়ির অনিয়ন্ত্রিত চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।এ অবস্থায় সংশ্লিষ্ট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, পুলিশ ইতোমধ্যে প্রশংসনীয় কাজ করছে—তবে এই ট্রাফিক সমস্যার দিকেও জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন।