
নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। জনস্বার্থে ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল আনা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) Tarek Al Mehdi।পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনিক কারণে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এতে সৃষ্ট শূন্য পদ পূরণে নতুন করে এই পদায়ন কার্যকর করা হয়েছে।নতুন পদায়ন অনুযায়ী—ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।ডিবি (সদর জোন)-এর ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি করা হয়েছে।পুলিশ লাইন্সে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।