
ভোলায় গ্রেফতার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) জামিনে মুক্ত হয়ে জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সরকারের হস্তক্ষেপের কারণে তাকে দুই রাত জেলখানায় থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।বিবি সাওদা বলেন, অসুস্থ সন্তানকে রেখে তাকে জেলে থাকতে হয়েছে, যা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। তিনি আরও বলেন, “আমি দেশ ও জনগণকে ভালোবেসেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছি। যদি কথা বলার কারণে মানুষকে জেলে যেতে হয়, তাহলে ভবিষ্যতে কেউ কথা বলার সাহস পাবে না।”তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে এবং বাক-স্বাধীনতা যেন খর্ব না হয়।আদালতে তার পক্ষে একদল আইনজীবী শুনানিতে অংশ নেন। পরে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বলে নিশ্চিত করেন ভোলা আদালতের পুলিশ পরিদর্শক।এদিকে, গ্রেফতারের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এবং দ্রুত মুক্তির দাবি ওঠে। জামিনে মুক্ত হওয়ার পর আদালত প্রাঙ্গণে তাকে ফুল দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।দলের ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।