
নীলফামারীর সৈয়দপুরে এক অসহায় গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদ ও জোরপূর্বক দখলের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা হোসেন গুড্ডুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শবনম বেগম এ ঘটনায় সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ জানায়, শবনম বেগম দীর্ঘ প্রায় ২২ বছর ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে সাহেবপাড়া ক্যান্টিন এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি অভিযুক্ত হোসেন গুড্ডু ওই জায়গাটি রেলওয়ের সরকারি জমি দাবি করে তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিতে থাকেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত সোমবার বিকেলে হোসেন গুড্ডু তার সহযোগী শাহাবুল ইসলাম, আজাদ ও নাদিম রেজাসহ কয়েকজনকে নিয়ে শবনম বেগমের বাড়িতে যান। এ সময় তাকে জোরপূর্বক বের হয়ে যেতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরে তাকে মারধর করা হয় এবং ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটি দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।স্থানীয়রা আহত অবস্থায় শবনম বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নিঃস্ব অবস্থায় রয়েছেন এবং তার মাথা গোঁজার কোনো ঠাঁই নেই বলে জানা গেছে।তবে অভিযোগ অস্বীকার করে হোসেন গুড্ডু বলেন, “বাড়ির মালিক জায়গাটি বিক্রি করেছেন। সে অনুযায়ী ভাড়াটিয়াকে সরানো হয়েছে।”এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”সৈয়দপুর রেলওয়ে কারখানার সিভিল ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, রেলওয়ের সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।