
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হসপিটাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছিলেন।চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের গাজী পরিবারের সন্তান জি এম ফজলুল হক রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারসহ তিনি ঢাকায় বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাঁর মরদেহ চাঁদপুরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তবে এখনো জানাজার সময় নির্ধারণ করা হয়নি।রাজনৈতিক জীবনে তিনি বিএনপির মনোনয়নে চাঁদপুর-৩ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।