
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একসময় প্রকৃত অর্থেই নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। দেশের নদীগুলো ছিল সচল ও প্রাণবন্ত, যা যাতায়াত, পণ্য পরিবহন এবং কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। নদীকেন্দ্রিক এই প্রাকৃতিক ব্যবস্থার কারণে মৎস্য সম্পদ সংরক্ষণ, জমির উর্বরতা বজায় রাখা এবং বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হতো।তিনি আরও উল্লেখ করেন, নদী ও খাল পুনরুদ্ধার হলে দেশের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে এবং জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।এ সময় তিনি খাল খনন উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এর সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।