
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।অধ্যাপক ওবায়দুল ইসলাম বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ সময় ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে শীর্ষ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।এই পদায়নের ফলে বাউবির উপাচার্য পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন উপাচার্য হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. ছিদ্দিকুর রহমান খান।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে এখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরেছে।