
মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনার জেরে প্রতিপক্ষের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ছয়টি ঘর পুড়ে গেছে।মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের মার্চ মাসে আক্তারের লোকজন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে। এরপর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আক্তারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। হামলার সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ মাদারীপুর জেলা হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এই হত্যাকাণ্ডের জেরে সন্ধ্যায় প্রতিপক্ষ হাসান মুন্সির দলের লোকজন জেলা বিএনপির নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ছয়টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরবাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বিক্ষুব্ধ কিছু লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের তাড়া করেন বলেও তিনি জানান।