
রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী-এর দুই সদস্য। ঈদের কেনাকাটা করতে গিয়ে আগুনে আটকা পড়ে শেষ পর্যন্ত তাদের মর্মান্তিক মৃত্যু হয়।সোমবার (৯ মার্চ) দুপুরে ভবনটিতে আগুন লাগার পর গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান আয়েশা সিদ্দিকা অনন্যা ও শেখ রাকিবুজ্জামান। অনন্যার বাড়ি সৈয়দপুর এবং রাকিবুজ্জামানের বাড়ি সিরাজদিখান এলাকায়।মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের মরদেহ হস্তান্তর করা হয়। পরে বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।স্থানীয়রা জানান, বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটিতে অনেক দোকান থাকায় আগুন লাগার সময় ভেতরে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদের কেনাকাটা করতে গিয়ে ওই দুই সদস্য আগুনে আটকা পড়েন বলে জানা গেছে।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।