
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি জানান, ঢাকার যানজট সমস্যা সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী তাঁদের কাছে যানজট নিরসনের সম্ভাব্য সমাধান ও সুপারিশ জানতে চান।এর আগে সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিন রোববারও তিনি সচিবালয়ে অফিস করেন।