
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই বাংলাদেশ পুলিশ–এর শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বর্তমান আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে পুলিশ প্রশাসনে রদবদল নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন অবসরপ্রাপ্ত কাউকে নয় বরং ক্লিন ইমেজ ও পেশাদার দক্ষতায় পরিচিত চলমান কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন আইজিপি নিয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে বিসিএস ১৫ ব্যাচের ডিআইজি ড. আশরাফুর রহমান, ডিআইজি ড. নাজমুল করিম খান ও ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়ার নাম আলোচনায় রয়েছে।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল শুরু হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। নিয়ম অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই পদত্যাগের গুঞ্জন সামনে আসায় প্রশাসনিক অঙ্গনে কৌতূহল বেড়েছে।তবে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট মহলের ধারণা, খুব শিগগিরই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে।