
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ) পৌর শহরের উকিলপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর দুই সহযোগী সজীব ও রাসেলকেও আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সুমন ফকির তাঁর সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিলেন। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ চাঁদা না দেওয়ায় জোরপূর্বক নিয়ে আসেন। এ সময় ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয় এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন ফকিরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।