
পটুয়াখালীর কুয়াকাটায় চাঁদার দাবিকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী দোকান ‘তানিসা আচার ঘর’-এর মালিক মনিরুল হাওলাদার দুপুরে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন এ ঘটনায় জড়িত। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।অভিযোগে দাবি করা হয়, চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যায়।এ বিষয়ে মহিপুর থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিও ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর পর্যটনকেন্দ্র এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।