
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এর আগে গত ১২ জুন রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কাইল্যা পলাশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার ভেতরে আটকে থাকা গুলি অপসারণ করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে স্বজনদের অনুরোধে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কাইল্যা পলাশ দীর্ঘদিন ধরে রাজধানীর অপরাধ জগতের পরিচিত একটি নাম ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।