
আগামীকাল রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে।চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকায় বিতর্কিত এবং সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় শেষ পর্যন্ত পদক প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, বিষয়টি সরকারের নীতিনির্ধারণী মহলের নজরে আসার পর পদক প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি। ফলে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি। পরে আরও যাচাই-বাছাই শেষে নতুনভাবে পদক দেওয়ার সিদ্ধান্ত হতে পারে।‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ।শনিবার রাতে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, রোববার পদক দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে তালিকা থেকে কেউ বাদ পড়তে পারেন, নতুন কেউ যুক্তও হতে পারেন।