
খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির কর্মী-সমর্থকরা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের শালবন এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করছেন জামায়াতের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সাধারণত ককটেল বিস্ফোরণের পর যে ধরনের আলামত পাওয়া যায়, সেরকম কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের অংশ পাওয়া গেছে, সেটি ককটেলের অংশ কি না—তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।’