
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট আজ সোমবার বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে সৃষ্ট পরিস্থিতির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়।বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত (দুবাই), বাহরাইন, কুয়েত ও কাতার। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।ঢাকা বিমানবন্দরে কুয়েতগামী যাত্রী রাজিব বৈরাগী চরম অনিশ্চয়তায় পড়েছেন। তার ভিসার মেয়াদ রয়েছে আর মাত্র তিন দিন। ফ্লাইট বাতিল হওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হয় ৪০টি ফ্লাইট। আর আজ সোমবার বাতিল হলো ৩৯টি ফ্লাইট। তিন দিনে সব মিলিয়ে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।