
নিজস্ব প্রতিবেদক:ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।আগামী ৫ আগস্ট, সরকার পতনের দুই বছর পূর্তির দিনে ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সংবাদ সম্মেলনের প্যানেলে সাকিব আল হাসানও থাকছেন।প্যানেলে আরও অংশ নেবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই বক্তব্য দিয়েছেন সাকিব। ফলে শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে তার অংশগ্রহণ রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।