
চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ তাদের ১১টি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার (১ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর ফলে ১০ হাজারেরও বেশি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।কারখানাগুলোতে বৃহস্পতিবার অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। নোটিশে জানানো হয়, তালিকাভুক্ত কর্মীদের চাকরি থেকে অব্যাহতি ১ আগস্ট থেকে কার্যকর হবে।বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম অয়েল, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম স্টিল, চেমন ইস্পাত, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম পাওয়ার প্ল্যান্ট, এস আলম পাওয়ার জেনারেশন, এস আলম ব্যাগ ফ্যাক্টরি এবং পশুখাদ্য উৎপাদনকারী একটি কারখানা।তবে বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকৌশলী হাসমত আলী জানান, ব্যাংক হিসাব জব্দ থাকা এবং নতুন এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি। ফলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে কারখানা পুনরায় চালু হলে কর্মীদের ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে।তিনি আরও জানান, সব কর্মীর বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়েছে। কারখানা বন্ধের খবরে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।