
যৌথ বাহিনীর ক্যাম্পের পানির পাইপলাইনে বিষ বা বিষজাতীয় পদার্থ প্রয়োগ এবং রাস্তা কেটে দেওয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলোকে ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ (Subversive Activities) হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে নিয়মিত মামলা করা হচ্ছে।এসপি মাসুদ আলম জানান, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের ব্যবহারের জন্য থাকা পাশের ডিপটিউবওয়েলের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, সকালে পানি ও পানির ট্যাংক পরীক্ষা করতে গিয়ে অপারেটর দুর্গন্ধ টের পান। এরপর তিনি দ্রুত সবাইকে সতর্ক করলে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকা সম্ভব হয়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।