
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরলেই তার কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দুপুরে দেশে ফিরতে পারেন। স্পিকার দেশে ফেরার পরই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমও বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।এর আগে চিকিৎসার উদ্দেশ্যে ১৯ জুলাই থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।