
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে মাত্র ১০ টাকার ভূমি উন্নয়ন করের (খাজনা) রশিদ দিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী আজিজুল হকের অভিযোগ, জমির নতুন অর্থবছরের খাজনার রশিদ তুলতে গেলে তহশিলদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে বাধ্য হয়ে একটি বিকাশ নম্বরে ওই টাকা পাঠানোর পর তিনি সরকারি রশিদ পান, যেখানে খাজনার পরিমাণ উল্লেখ ছিল মাত্র ১০ টাকা।অতিরিক্ত অর্থ ফেরত চাইলে তাকে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন আজিজুল হক। তার দাবি, ‘কোনো টাকা নেওয়া হয়নি’— এমন বক্তব্য জোরপূর্বক ভিডিওতে ধারণ করা হয়।ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী জয়নগর ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেন। স্থানীয়দের চাপের মুখে অভিযুক্ত তহশিলদার শেষ পর্যন্ত ২০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন ওই তহশিলদার। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।