
নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ না হওয়ায় চার মাস ধরে কার্যত অচল হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুমোদন প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ থাকায় ৮ হাজারের বেশি অভিযোগের নথি ফাইলবন্দি অবস্থায় রয়েছে।দুদক সূত্রে জানা গেছে, মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, সম্পত্তি জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং আসামি গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে আছে।গত ৩ মার্চ ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন। এরপর চার মাসের বেশি সময় পার হলেও নতুন কমিশন গঠন করা হয়নি।এদিকে কমিশনের বিকল্প হিসেবে দুদক সচিবের ক্ষমতা সাময়িকভাবে বাড়ানোর একটি প্রস্তাব সরকারকে দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে কমিশনের অনুমোদন না পাওয়ায় হাজার হাজার অভিযোগের নিষ্পত্তি আটকে রয়েছে।নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বানে মোট ৩২৭ জন আবেদন করেছেন। সোমবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে প্রায় ১০টি নতুন দুর্নীতির অভিযোগ কমিশনে জমা পড়ছে। ফলে অমীমাংসিত অভিযোগের সংখ্যা দিন দিন আরও বাড়ছে।