
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। তাকে সিএমপির দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ-সংক্রান্ত আদেশ দেন সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।নগর পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে গত ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আধা-সরকারি (ডিও) চিঠি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠানো হয়। গত ৫ জুলাই উপসচিব নাসরীন সুলতানার সই করা ওই চিঠিতে অভিযোগগুলো খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়।সিএমপি সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওসি মুহাম্মদ শরীফকে সদরঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।তবে অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।