
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের আগে সচিবালয়ে পদায়ন পাওয়া ১৬৯ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে তাদের স্থলে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৮২ জনকে বদলি করা হয়েছে।রোববার (৫ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের পদায়ন পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এখনও একই দায়িত্বে বহাল রয়েছেন।চিঠিতে সচিবালয়ের বিভিন্ন প্রবেশদ্বার, মন্ত্রণালয় ও বিভাগের সংবেদনশীল দপ্তর এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের সুপারিশ করা হয়। তাদের পরিবর্তে সিকিউরিটি ক্লিয়ারেন্সপ্রাপ্ত নতুন ও দক্ষ সদস্যদের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।সূত্রের তথ্য অনুযায়ী, বদলির তালিকায় রয়েছেন ৩ জন পুলিশ পরিদর্শক, ১ জন সার্জেন্ট, ৫ জন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল। পর্যায়ক্রমে তাদের সবাইকে বদলি করা হবে।সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার কাজী আবু সাঈদ জানান, এখন পর্যন্ত ৮২ জন পুলিশ সদস্যকে পরিবর্তন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) কাজী আরিফুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন সদস্যরা দায়িত্ব গ্রহণ করছেন।