
বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা World Meteorological Organization (WMO)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ‘এল নিনো’ আরও শক্তিশালী রূপ নিতে পারে, যার ফলে তীব্র তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের আশঙ্কা বৃদ্ধি পাবে।ডব্লিউএমও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে এল নিনোর প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসে এটি ‘শক্তিশালী’ পর্যায়ে পৌঁছাতে পারে। সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, এল নিনো জোরালো হলে বিশ্বের অনেক অঞ্চলে খরা, ভারী বৃষ্টিপাত এবং স্থল ও সমুদ্রে তাপপ্রবাহের ঘটনা আরও বাড়বে।সর্বশেষ মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিশ্বের অধিকাংশ জনবসতিপূর্ণ এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। একই সময়ে ভারতীয় উপমহাদেশ ও অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য জলবায়ু-সংবেদনশীল খাতে আগাম প্রস্তুতি ও সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও।