
দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টেনে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে অবসরে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছবির উদ্দিন সিকদার।সোমবার (২৯ জুন) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশনায় টুঙ্গিপাড়া থানা-পুলিশের উদ্যোগে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এসআই ছবির উদ্দিন সিকদার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা-এর কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ চাকরিজীবনে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে যান।বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা এসআই ছবির উদ্দিনের ওপর পুষ্পবর্ষণ করেন এবং তাকে থানা থেকে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে এসআই ছবির উদ্দিনকে টুঙ্গিপাড়া থেকে তার নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেওয়া হয়।সহকর্মীরা বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে এসআই ছবির উদ্দিন পুলিশ বাহিনীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।